বাংলাদেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ (Smart Election Management BD) নামের একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই রিয়েল টাইমে নির্বাচনের সর্বশেষ ফলাফল এবং কেন্দ্রভিত্তিক তথ্য জানতে পারছেন। মূলত নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গুজব ছড়ানো রোধ করতেই ইসির এই ডিজিটাল উদ্যোগ।
যেভাবে অ্যাপটি ব্যবহার করবেন:
১. ডাউনলোড ও ইনস্টলেশন: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘গুগল প্লে স্টোর’ এবং আইফোন ব্যবহারকারীরা ‘অ্যাপল অ্যাপ স্টোর’ থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। স্টোরে গিয়ে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করলেই অফিশিয়াল অ্যাপটি পাওয়া যাবে।
২. সহজ লগইন প্রক্রিয়া: শুধু নির্বাচনের ফলাফল দেখার জন্য কোনো লগইন করার প্রয়োজন নেই। তবে আপনি যদি নিজের নির্দিষ্ট ভোটকেন্দ্রের অবস্থান, ভোটার নম্বর বা ব্যক্তিগত ভোটার তথ্য জানতে চান, তবে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে।
৩. ফলাফল দেখার সহজ ধাপ:
- নির্বাচন ও কেন্দ্র বাছাই: অ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘ইলেকশন রেজাল্টস’ অপশনে ক্লিক করে নির্বাচনের ধরন (যেমন: জাতীয় সংসদ নির্বাচন) সিলেক্ট করতে হবে। এরপর পর্যায়ক্রমে জেলা, উপজেলা বা আসন বাছাই করলেই সংশ্লিষ্ট এলাকার তথ্য চলে আসবে।
- লাইভ আপডেট: প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসাররা ফলাফল আপলোড করার সাথে সাথেই অ্যাপে তা আপডেট হয়ে যাবে। এখানে প্রার্থী বা দল অনুযায়ী প্রাপ্ত ভোট এবং মোট কাস্টিং ভোটের হার দেখা যাবে।
- গ্রাফিক্যাল উপস্থাপনা: সাধারণ তথ্যের পাশাপাশি অ্যাপটিতে গ্রাফ এবং চার্টের মাধ্যমে ফলাফলের তুলনামূলক চিত্র দেখানো হয়। ফলে ভোটাররা সহজেই বুঝতে পারবেন কোন প্রার্থী বা দল কতটুকু এগিয়ে বা পিছিয়ে রয়েছে।
ইসি সচিবালয় জানিয়েছে, এই অ্যাপটি সরাসরি কেন্দ্রীয় সার্ভারের সাথে যুক্ত, ফলে এখান থেকে প্রাপ্ত তথ্য সম্পূর্ণ নির্ভরযোগ্য। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার কারণে এখন আর ভোটের খবরের জন্য কেবল টেলিভিশন বা পোর্টালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না; বরং নিজের স্মার্টফোনেই মুহূর্তের মধ্যে জানা যাবে দেশের আগামীর ভাগ্য নির্ধারণী ফলাফল।

নিজস্ব প্রতিবেদক 















