আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির যেকোনো প্রচেষ্টাকে কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন পঞ্চগড়–১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে হাজারো ভাই রক্ত দিয়েছে, ওসমান হাদি জীবন দিয়েছে। আমরা বেঁচে থাকতে কাউকে একটা ভোট চুরি করতে দেব না। যে হাত ভোট চুরি করতে আসবে, সেই হাতকে সরাসরি হাসপাতালে যেতে হবে।”
বক্তব্যে সারজিস আলম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “বিএনপি আগে তিনবার জামায়াতের সঙ্গে জোট করে ক্ষমতায় গেলেও এখন অন্যদের জোট নিয়ে মিথ্যাচার করছে। তারা টাকার বস্তা নিয়ে এলাকায় এলাকায় ঘুরছে এবং মা–বোনদের বিভ্রান্ত করছে। এই ভণ্ডদের মিষ্টি কথায় মানুষ আর ভুলবে না।” তিনি আরও অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতারা সনাতন ধর্মাবলম্বীদের জমি দখল ও লুটপাটের সঙ্গে জড়িত। বিগত জোট সরকারের আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আপনারা লুটপাট করলেও জামায়াতের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ নেই।”
প্রশাসনকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, “পঞ্চগড়ের প্রশাসনের যদি মেরুদণ্ড থাকে, তবে সকল দলের সাথে সমান আচরণ করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন। অন্যথায় চেয়ার ছেড়ে দিন।” তিনি হুঁশিয়ারি দেন যে, নির্বাচনের শেষ মুহূর্তে পরাজিত পক্ষ ‘মরণ কামড়’ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু রক্ত ও জীবনের বিনিময়ে হলেও প্রতিটি ভোট পাহারা দেওয়া হবে। তাঁর মতে, একটি ভোট চুরি হওয়া মানেই আরেকটি নতুন স্বৈরাচার তৈরির সুযোগ করে দেওয়া।
জনসভা শেষে সারজিস আলম আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে এবং তাঁর প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, কেবল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সভায় স্থানীয় ১১ দলীয় জোট ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক | পঞ্চগড় 














