ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম লা গুর্দিয়া বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজ ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৫৮ মিনিটে এয়ার কানাডার একটি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণের সময় রানওয়েতে অবস্থানরত ফায়ার সার্ভিসের একটি ট্রাকের সঙ্গে এই সংঘর্ষ ঘটে। এই মর্মান্তিক ঘটনায় উড়োজাহাজটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে এবং এতে থাকা ৩৯ জন যাত্রীসহ মোট ৪১ জন আহত হয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় একটি বিশেষ কারণে ফায়ার সার্ভিসের ট্রাকটি রানওয়েতে অবস্থান করছিল। ঠিক সেই মুহূর্তে এয়ার কানাডার ফ্লাইটটি অবতরণ করতে গেলে ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এই সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে উড়োজাহাজটির ককপিট অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই উড়োজাহাজের পাইলট ও কো–পাইলট প্রাণ হারান। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ৩৯ জন যাত্রী এবং নিচে থাকা ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই জরুরি বিভাগের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর পরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সোমবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
এই ভয়াবহ বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। রানওয়েতে ফায়ার ট্রাকের অবস্থান এবং অবতরণের সময় এটিসির (এয়ার ট্রাফিক কন্ট্রোল) নির্দেশনায় কোনো ভুল ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাস্থল থেকে তথ্য ও ব্ল্যাক বক্স সংগ্রহের কাজ শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লা গুর্দিয়া থেকে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বাতিল করা হয়েছে, যা নিউইয়র্কের বিমান যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক 























