বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরাসরি এক পত্রের মাধ্যমে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে এই শুভেচ্ছা জানান।
চিঠিতে ট্রাম্প তারেক রহমানের ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানিয়ে নতুন সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এই অভিনন্দন বার্তাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সরকারের গ্রহণযোগ্যতা এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চিঠিতে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে, বাণিজ্য চুক্তির সঠিক বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা সরাসরি উপকৃত হবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
কূটনৈতিক দিক থেকে এই চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিরক্ষা সহযোগিতা। ট্রাম্প তাঁর বার্তায় বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার মাধ্যমে এই সহযোগিতা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
চিঠির শেষাংশে তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ও গভীর হবে।

আন্তর্জাতিক ডেস্ক 
























