দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানী ঢাকার গুলশান এলাকায় একটি নির্ধারিত কেন্দ্রে তাঁরা ভোট দেবেন। দলীয় ও প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত সংবাদ অনুযায়ী, তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা–১৭ সংসদীয় আসনের ভোটার হিসেবে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের দিন সকালে তারা এই কেন্দ্রে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। ১৭ বছর পর দেশে ফিরে এবারই প্রথম তারেক রহমান কোনো জাতীয় নির্বাচনে সশরীরে অংশ নিচ্ছেন এবং ভোট দিচ্ছেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সারাদেশে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে বিরতিহীনভাবে সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ভিআইপি এলাকা হিসেবে পরিচিত গুলশানের এই কেন্দ্রটিতে তারেক রহমানের ভোট প্রদানকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। কেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ–সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

অনলাইন ডেস্ক 














