আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সুদীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন। বিশ্ব রাজনীতির বিভিন্ন উদাহরণ টেনে তিনি দাবি করেন, বর্তমানে জনমত তাদের দলের পক্ষে একটি শক্তিশালী ‘ট্রেন্ড’ হিসেবে দাঁড়িয়েছে।
ফেসবুক পোস্টে জামায়াত আমির বিশ্ব রাজনীতির পরিবর্তনের চিত্র তুলে ধরে লিখেন, বারাক ওবামা যখন ‘Yes We Can’ স্লোগান নিয়ে নির্বাচনে লড়ছিলেন, তখন অনেক গণমাধ্যমই একজন কৃষ্ণাঙ্গের প্রেসিডেন্ট হওয়া অসম্ভব বলে মনে করত। একইভাবে শ্রীলঙ্কা ও নেপালের দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের জয় এবং নিউইয়র্কে জোহরান মামদানির সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেন, প্রতিকূলতা জয় করাই এখন বিশ্বজুড়ে জনমানুষের আকাঙ্ক্ষা।
নিজের দলের অবস্থান নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মাত্র এক বছর আগেও জামায়াতকে রাজনীতির সমীকরণে নগণ্য মনে করা হতো এবং মাত্র কয়েকটি আসন পাবে বলে ধারণা করা হতো। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং জামায়াত এখন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে। তিনি আরও যোগ করেন, “জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কোনো শক্তিই তাদের থামাতে পারে না।”
নির্বাচনী স্বচ্ছতা প্রসঙ্গে আমির জোর দিয়ে বলেন, জামায়াত কখনো ভয়ভীতির রাজনীতি করেনি এবং করবে না। তাদের কোনো ‘ভুয়া ভোটার’ নেই এবং ভোটের ফলাফলে কারচুপি করার কোনো প্রয়োজন তাদের নেই। তবে জনগণের গণতান্ত্রিক অধিকার এবং ভোটের নিরাপত্তা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি কেউ জনগণের ভোট চুরি করার চেষ্টা করে, তবে ২০২৪-এর জুলাই বিপ্লবের মতো জনগণকে সাথে নিয়ে তা রক্ষা করা হবে ইনশাআল্লাহ।
সবশেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, ক্ষমতার ম্যান্ডেট কেবল জনগণের এবং জনগণই নির্ধারণ করবে আগামীতে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 














