ছবি : সাংবাদিক কালাম তালুকদার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক কালাম তালুকদারের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়েছে উপজেলা ছাত্রদলের একদল নেতাকর্মী। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এই বর্বরোচিত ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত কালাম তালুকদার কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের আলো পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তিনি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশী বাড়ি গ্রামের মৃত জাবেদ আলী তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন কালাম তালুকদার। সভা শেষে হলরুম থেকে বের হয়ে দোতলায় ইউএনওর অফিস কক্ষের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়।
অভিযোগ উঠেছে, কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী সাংবাদিক কালাম তালুকদারকে ঘিরে ধরে কিল–ঘুষি ও লাথি মারতে থাকে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়রা কালামকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এলাকাবাসীর পক্ষ থেকে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা এক বিবৃতিতে বলেছেন, প্রশাসনের নাকের ডগায় সরকারি দপ্তরে একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। তাঁরা অবিলম্বে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখসহ সকল হামলাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিকে, বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক | কোটালীপাড়া (গোপালগঞ্জ) 














