কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার একটি হাইস্কুল ও সংলগ্ন আবাসিক এলাকায় ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ঘটা এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকেই ৬ জনের মরদেহ এবং আহত অবস্থায় প্রায় ৩০ জনকে উদ্ধার করা হয়। পরবর্তীতে হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা ১০–এ পৌঁছায়।
আরসিএমপি–র তদন্ত কর্মকর্তাদের মতে, হামলাকারী নিজেও ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, হত্যাযজ্ঞ চালানোর পর হামলাকারী নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মঘাতী হয়েছেন। হামলার পর পুলিশ স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ওই বাড়িতে থাকা নিহত ব্যক্তিরা স্কুলের হামলার ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অন্য কোনো হামলাকারী আছে কি না তা নিশ্চিতে আশপাশের ঘরবাড়িতে চিরুনি তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
হামলাকারীর নাম ও পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। এমনকি কী কারণে এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। হামলার পরপরই টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও পার্শ্ববর্তী এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, যা মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় প্রত্যাহার করা হয়। বর্তমানে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাকি ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলটি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং এখানে মোট ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এই ভয়াবহ হামলার শোক কাটিয়ে উঠতে এবং নিহতদের সম্মানে স্কুলটি আগামী এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কানাডার ইতিহাসে অন্যতম এই রক্তক্ষয়ী হামলার ঘটনায় পুরো প্রদেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আন্তর্জাতিক ডেস্ক 























