সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমানে কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আগামী ১৯ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং মনোনয়ন ফরমে তাঁর স্বাক্ষর সংগ্রহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আজ রবিবার (১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক বরাবর একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে। ব্যারিস্টার সুমনের পক্ষ থেকে তাঁর আইনজীবী লিটন আহমেদ এই আবেদনটি দাখিল করেন।
আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে জানান, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার সুমন অত্যন্ত আগ্রহী। তবে বিধি অনুযায়ী প্রার্থী হওয়ার জন্য নির্ধারিত মনোনয়ন ফরমে প্রার্থীর সরাসরি স্বাক্ষর প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে তিনি কারাগারে থাকায় এই স্বাক্ষর সংগ্রহে আইনি ও প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন। উল্লেখ্য, এই নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল। সময় সল্পতার কথা মাথায় রেখেই আজ জেলা প্রশাসকের দপ্তরে এই জরুরি আবেদনটি করা হয়েছে যাতে সুমনের প্রার্থিতা নিশ্চিত করা যায়।
সৈয়দ সায়েদুল হক সুমন গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম। ওই বছরের ২২ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যারিস্টার সুমন আইনজীবী হিসেবেও যথেষ্ট পরিচিত। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়া শেষে তিনি বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান কি না।
















