চট্টগ্রামের আনোয়ারায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুশকুল গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দিয়ে স্থানীয় জনতা ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও মো. সাজ্জাদ (২৫)। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে আনোয়ারার বটতলী থেকে চালক মো. ইলিয়াছের অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন ওই তিন যুবক। অটোরিকশাটি গোদারপাড় এলাকায় পৌঁছালে তাঁরা অতর্কিত চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এরপর চালকের মোবাইল ও অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় চালক ইলিয়াছের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। দীর্ঘক্ষণ ধাওয়া শেষে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জনতা কর্তৃক তিন ছিনতাইকারীকে আটক অবস্থায় দেখেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জনতা তিন ছিনতাইকারীকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ আদালতে পাঠানো হয়েছে। চালকের অটোরিকশা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক 









