নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে বিমানযোগে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহসীন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে ফিরছেন—এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, বেলাল উদ্দিন তার ব্যাগে কত টাকা আছে তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি। তবে তিনি সেখানে ৫০ লাখ টাকার বেশি থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে গণনার পর টাকার পরিমাণ ৭৪ লাখ বলে নিশ্চিত হওয়া যায়।
আটক বেলাল উদ্দিন প্রধান নিজেকে নির্দোষ দাবি করে জানান, উদ্ধারকৃত টাকাগুলো নির্বাচনের উদ্দেশ্যে নয়, বরং তার ব্যক্তিগত ব্যবসার। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত বলে দাবি করেন। জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতেই একটি পক্ষ এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, “আমি কেমন মানুষ তা ঠাকুরগাঁও গেলেই প্রমাণ হয়ে যাবে।”
এদিকে আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজেকে অসুস্থ দাবি করলে পুলিশ তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এত বিপুল পরিমাণ নগদ টাকা বহনের উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের ঠিক এক দিন আগে এই অর্থ ভোটের মাঠে প্রভাব খাটানোর জন্য আনা হচ্ছিল কি না, সে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক 














