নির্বাচনী প্রচারণার মাঠ যখন উত্তপ্ত, ঠিক তখনই এক বিরল বন্ধুত্বের নিদর্শন দেখল কুমিল্লার দেবিদ্বারবাসী। দেবিদ্বার-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন তাঁর স্কুলের বন্ধু ও সহপাঠীরা। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ২০১৪ ব্যাচের এক পুনর্মিলনী অনুষ্ঠানে এই অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রিয় বন্ধুর নতুন রাজনৈতিক পথচলায় সমর্থন জোগাতে তাঁরা এই বিশাল অংকের টাকার চেক হাসনাত আব্দুল্লাহর হাতে তুলে দেন। স্কুলজীবনের সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতি চারণ করতে গিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সহপাঠীদের এই ভালোবাসায় সিক্ত হয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিগুলো নতুন করে নাড়া দিয়েছে। আমাদের উত্থানের সূচনা এই স্কুল থেকেই। আজ আমরা যারা দেশে-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদের সবার শিকড় এই বিদ্যালয়। স্কুলজীবন শেষ হওয়ার পরও বন্ধুদের এই অটুট বন্ধন আমাকে আগামীর লড়াইয়ে সাহস জোগাবে।” তিনি আরও উল্লেখ করেন যে, অনেক বন্ধু বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকলেও আজকের এই পুনর্মিলনীতে সবাই একত্রিত হওয়া এবং তাঁর পাশে দাঁড়ানো এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিনসহ প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ এবং মুহতাদির যারিফ সিক্ত উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের পাশাপাশি স্কুলজীবনের বন্ধুদের এমন সরাসরি সমর্থন হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন স্থানীয়রা।
















