সংগৃহীত ছবি
জামালপুর জেলা সদরে কৃত্রিম সংকট তৈরি করে পেট্রল মজুদ রাখার দায়ে একটি জ্বালানি তেলের দোকানকে বড় অঙ্কের জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত ‘মেসার্স জুই এন্টারপ্রাইজ’ নামক একটি দোকানের সামনে সকাল থেকেই মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন পড়ে। দূর-দূরান্ত থেকে আসা চালকরা জ্বালানি তেলের জন্য ভিড় করলে দোকানের পক্ষ থেকে জানানো হয় যে, তাদের কাছে কোনো পেট্রল মজুদ নেই। তেলের তীব্র সংকটের কথা বলে তারা গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হলে এবং স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাই করতে মাঠে নামে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা জুই এন্টারপ্রাইজের গোডাউনে তল্লাশি চালিয়ে বিস্ময়কর তথ্য পান। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, দোকানের ভেতরে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রল মজুদ করে রাখা হয়েছে।
পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে হাতেনাতে ধরা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি প্রশাসনের কঠোর নির্দেশনায় মজুতকৃত তেল তাৎক্ষণিকভাবে সাধারণ গ্রাহকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে চালকরা তাদের প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করেন। জেলা প্রশাসনের এমন সাহসী ও জনবান্ধব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী চালকরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো ব্যবসায়ী তেলের বাজার অস্থির করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।



























