নোয়াখালীর সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মো. রমিজ (৩৫) ও তার বাবা আমিনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মাইজচরা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রমিজ ও তার বাবাকে আগ্নেয়াস্ত্রসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রমিজ ওই এলাকার একজন চিহ্নিত ভূমিদস্যু ও দুর্ধর্ষ ডাকাত সর্দার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে, যার মধ্যে ৭টিতেই গ্রেফতারি পরোয়ানা ছিল। অন্যদিকে তার বাবা আমিনুল হকের বিরুদ্ধেও হত্যা ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে এবং ৬টি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আকবর ও সুধারাম থানার ওসিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















