ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের আনন্দের রাতে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লণ্ডভণ্ড হয়ে গেছে সাধারণ মানুষের ঈদ। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে একটি চলন্ত মেইল ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও অসংখ্য যাত্রী, যাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ঈদের দিন শেষ রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদুয়ার বাজার রেলক্রসিং পার হচ্ছিল। ঠিক সেই সময় চট্টগ্রাম থেকে আসা একটি মেইল ট্রেন দ্রুতবেগে বাসটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি বেশ কিছুদূর ছিটকে গিয়ে দুমড়েমুচড়ে যায়। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটায় বাসের অধিকাংশ যাত্রীই তখন ঘুমিয়ে ছিলেন, ফলে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে একে একে ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকাজে নিয়োজিত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কেন এবং কার অবহেলায় এই প্রাণঘাতী সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। ঈদের আনন্দে যখন পুরো দেশ মেতে ছিল, ঠিক তখন কুমিল্লার এই মর্মান্তিক দুর্ঘটনা শোকের ছায়া নামিয়ে এনেছে।

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা 
























