সংগৃহীত ছবি
ঢাকা দেশে হামের প্রকোপ মোকাবিলায় সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো এবং রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, শয্যা সংকটের অজুহাত দেখিয়ে কোনো হামের রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া বা অন্যত্র পাঠানো যাবে না। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। যদিও দাপ্তরিকভাবে এই আদেশটি গত ২১ এপ্রিল জারি করা হয়েছিল।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে আগত কোনো হাম বা হামের উপসর্গযুক্ত রোগীকে সিট খালি নেই বলে বিদায় করা যাবে না।
প্রতিটি সরকারি হাসপাতালে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা রাখতে হবে এবং প্রয়োজনে বিদ্যমান সক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত শয্যা বা অস্থায়ী বেডের সংস্থান করতে হবে। তবে রোগীর অবস্থা যদি অত্যন্ত সংকটাপন্ন হয়, সেক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে রেফার করা যেতে পারে।
রেফার করার ক্ষেত্রেও অধিদপ্তর সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে। নির্দেশনায় বলা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতালগুলোর মধ্যে যে বিদ্যমান ‘রেফারাল চেইন’ রয়েছে, তা কঠোরভাবে অনুসরণ করতে হবে। যত্রতত্র রোগী পাঠিয়ে তাদের ভোগান্তি বাড়ানো যাবে না।
স্বাস্থ্য অধিদপ্তর আরও সতর্ক করে জানিয়েছে যে, এই আদেশ বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা নিয়ম লঙ্ঘন বরদাশত করা হবে না। যদি কোনো হাসপাতাল থেকে রোগীকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান বা পরিচালককে এর পূর্ণ দায়ভার বহন করতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দেশের সকল সরকারি হাসপাতালকে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
















