শাহীন আফ্রিদি। ছবি : পিসিবি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছেন লাহোর কালান্দার্সের তারকা অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের অভিযোগে এই বাঁহাতি পেসারকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৩,৫০০ মার্কিন ডলার) জরিমানা করেছে তার নিজের ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স এই শাস্তিমূলক ব্যবস্থার কথা নিশ্চিত করে জানিয়েছে, দলের ভেতর শৃঙ্খলা ও দায়বদ্ধতার উদাহরণ সৃষ্টি করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত শনিবার রাতে লাহোরে দলীয় হোটেলে। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) দেওয়া এক অভিযোগে বলা হয়েছে, শাহীন শাহ আফ্রিদি এবং জিম্বাবুয়াইন অলরাউন্ডার সিকান্দার রাজা হোটেলের কড়া নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করেছেন। তারা দুজনে মিলে চারজন অতিথিকে জোরপূর্বক সিকান্দার রাজার কক্ষে নিয়ে যান। ওই সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও আফ্রিদি ও রাজা সেই নির্দেশনা অমান্য করেন বলে পুলিশের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পর লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি বিপাকে পড়ে। যদিও তারা ঘটনাটিকে একটি ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করেছে, তবে পিএসএল-এর মতো বড় আসরে আন্তর্জাতিক ও দেশীয় ভাবমূর্তি রক্ষায় অধিনায়কের ওপর জরিমানা আরোপ করাকে তারা অপরিহার্য মনে করছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বিষয়টি অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখানো হচ্ছে, যা টুর্নামেন্টের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিকান্দার রাজাও। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, গত চারটি আসরেই তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে হোটেলে দেখা করেছেন। তবে চলতি মৌসুমে নিরাপত্তা নীতিমালায় যে পরিবর্তন আনা হয়েছে,
সে সম্পর্কে তিনি পুরোপুরি অবগত ছিলেন না। বন্ধুদের আনা ক্রিকেট ব্যাট বাছাই করার জন্যই তাদের নিজের কক্ষে নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেন এই ক্রিকেটার। শাহীন আফ্রিদির ওপর জরিমানা হলেও সিকান্দার রাজার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখন পর্যন্ত স্পষ্ট করেনি কালান্দার্স কর্তৃপক্ষ। এই ঘটনাটি বর্তমানে পাকিস্তান ক্রিকেটে আলোচনার তুঙ্গে রয়েছে।


























