আসন্ন ঈদুল আজহার সিনেমা বাজারে অন্যতম প্রতীক্ষিত নাম সুপারস্টার শাকিব খানের ‘রকস্টার’। সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল। সেই আগ্রহের পারদ আরও বাড়িয়ে দিতে ২০ মে বুধবার সন্ধ্যা ৭টায় অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে সিনেমাটির দ্বিতীয় টিজার। তবে এবারের টিজারে শাকিব খানের চিরচেনা অ্যাকশন বা রকস্টার লুকের পাশাপাশি দর্শকদের নজরের একটি বড় অংশ জুড়ে আছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার নতুন টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। নায়ক শাকিব খান নিজে তার ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে একটি রহস্যময় ক্যাপশন জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়!’ ক্যাপশনের শেষে এই শীর্ষ নায়ক আরও যোগ করেন, ‘তবু গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’
শাকিবের এই হেঁয়ালিভরা বার্তার সঙ্গে টিজারে তানজিয়া জামান মিথিলার উপস্থিতি দর্শকদের মনে নতুন অনেক প্রশ্ন ও কৌতুহলের জন্ম দিয়েছে। পুরো টিজার জুড়ে মিথিলার রহস্যময় অভিব্যক্তি, নীরব চাহনি আর শাকিব খানের সঙ্গে তার রসায়ন ও রোমান্টিক মুহূর্তগুলোকে নেটিজেনরা সিনেমাটির ‘সবচেয়ে আকর্ষণীয় অংশ’ বলে অবিহিত করছেন। আবহ সংগীতের সঙ্গে মিথিলার স্ক্রিন প্রেজেন্স বেশ দারুণভাবে মানিয়ে গেছে বলে মন্তব্য করছেন সাধারণ দর্শকরা।
বাংলাদেশের ‘মিস ইউনিভার্স’ খেতাবজয়ী তানজিয়া জামান মিথিলার জন্য ‘রকস্টার’ সিনেমাটি ঢালিউডের মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে প্রথম কাজ। এর আগে তিনি বলিউডের একটি রোহিঙ্গা সংকটভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনের সেই অভিজ্ঞতার পর এবার দেশের মাটিতে শাকিব খানের মতো মেগাস্টারের বিপরীতে তার অভিষেক ঘিরে চলচ্চিত্রপাড়ায় বাড়তি আগ্রহ তৈরি হওয়াটাই স্বাভাবিক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব-ভক্তদের অনেকেই লিখছেন, এই সিনেমায় মিথিলাকে একেবারে ভিন্ন ও নতুন একটি লুকে দেখা যাচ্ছে। তার চরিত্রের রহস্যময় দিকটিই হতে পারে এই সিনেমার মূল টুইস্ট বা সবচেয়ে বড় চমক। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় মিথিলা ছাড়াও শাকিব খানের সঙ্গে আরও দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর ও সুনিধি নায়েককে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।
















