সংগৃহীত ছবি
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওস্থ বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পূর্ণাঙ্গ নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই বাসগুলো সড়কে নামানো হয়েছে।
তবে সার্ভিসটি চালুর পরদিনই (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারী বাস চালকের ভিডিও সাক্ষাৎকার বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে ওই চালক তার বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, প্রচণ্ড গরমে রাজধানী ঢাকায় এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস ছাড়া টানা গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর। সেই সঙ্গে মানুয়াল গাড়ির চেয়ে অটোমেটিক বাস হলে নারী চালকদের জন্য পরিচালনা করা আরও সুবিধাজনক হতো বলেও তিনি মন্তব্য করেন। পেশাগত দক্ষতার প্রশ্নে তিনি সরাসরি বলেন, পেশাদার চালক হিসেবে তারা যেকোনো গাড়ি চালাতে সক্ষম হলেও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে মনোযোগ দেওয়া উচিত।
বিআরটিসি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের আওতায় প্রথম দফায় মোট ১৪টি বিশেষ বাস নামানো হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলবে। পাশাপাশি রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে ২টি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে ২টি বাস নারী যাত্রীদের সেবা দেবে।
রাজধানীর বিভিন্ন বাস ডিপোর অধীনে রুটগুলো সুনির্দিষ্টভাবে বিন্যাস করা হয়েছে। নতুন বাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর রুটে এই বাসগুলো চলবে। যাত্রাপথে রামপুরা, কাকরাইল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, খিলগাঁও ও মৎস্য ভবনের মতো প্রধান প্রধান পয়েন্টগুলোকে কভার করা হবে।
চট্টগ্রামে বাসগুলো কালুরঘাট থেকে বহদ্দারহাট, ২ নম্বর গেট, জিইসি ও লালখান বাজার হয়ে পতেঙ্গা পর্যন্ত যাতায়াত করবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার ও যাতায়াত সহজ করার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নারী যাত্রীরা।















