সংগৃহীত ছবি
রাজধানীর গুরুত্বপূর্ণ দুই পয়েন্টে ককটেল বিস্ফোরণ এবং বাস পোড়ানোর ঘটনায় আবারও তৈরি হয়েছে চরম আতঙ্কের পরিবেশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট প্রাঙ্গণের সামনের সড়কেও আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অপরাধীদের শনাক্ত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকার সিরামিক রোডে একটি সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা পার্কিং করা বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। পর পর বাসে আগুন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের জোর টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।















