শনিবার (১৯ সেপ্টেম্বর ) মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে হঠাৎ এক অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দুটি এবং বাড্ডায় একটি চলন্ত ও পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় একই সময়ে যাত্রাবাড়ীতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা, এতে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে চলন্ত অবস্থায় ‘শিকড় পরিবহন’-এর একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিক ধারণায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার কথা বলা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রায় একই সময়ে মিরপুর-১ নম্বর আনসার ক্যাম্প এলাকায় ‘অভিজাত পরিবহন’-এর আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। অন্যদিকে, রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় একটি গ্যারেজের সামনে পার্কিং করে রাখা ‘আলিফ পরিবহন’-এর একটি বাসের পেছনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাসে আগুনের পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বিকট শব্দে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) খালিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের জোর টহল ও অভিযান জোরদার করা হয়েছে।















