বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে ‘চরম আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, জামায়াত আমিরের সোশ্যাল মিডিয়া পোস্টে নারীদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। তাঁরা বলেন, “নারীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং জুলাই বিপ্লবসহ প্রতিটি আন্দোলনে তাঁদের অনবদ্য ভূমিকা রয়েছে। অথচ জামায়াতের আমিরের পোস্টটি নারীদের প্রতি দলটির প্রাচীনপন্থী ও অবমাননাকর দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ। এই ধৃষ্টতার জন্য তাঁকে প্রকাশ্যে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে।”
আইডি হ্যাক হওয়ার বিষয়ে জামায়াতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘মিথ্যা ও নাটক’ বলে দাবি করেছেন ছাত্রদল নেতারা। তাঁরা বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে এবং জনগণের ক্ষোভ থেকে বাঁচতে এখন হ্যাকিংয়ের অজুহাত দেওয়া হচ্ছে। ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নারীদের ঘরে বন্দি করার কোনো ‘ফন্দি’ আধুনিক বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, ছাত্রসমাজ তাদের দাঁতভাঙা জবাব দেবে।
বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কেন্দ্রীয় সংসদের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে আজ সন্ধ্যায় এক পথসভায় জামায়াত আমির দাবি করেছিলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে একটি পক্ষ নোংরামি শুরু করেছে এবং জামায়াতের গণজোয়ার দেখে তারা দিশেহারা হয়ে পড়েছে। তবে ছাত্রদল এই দাবি প্রত্যাখ্যান করে রাজপথে সরব থাকার ঘোষণা দিয়েছে।
















