চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক উপসহকারী পরিচালক নিহত হয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম মোতালেব হোসেন, তিনি র্যাব-৭ এ কর্মরত ছিলেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলিতে আরও অন্তত ৩ জন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই এলাকায় সাঁড়াশি অভিযানে নেমেছে যৌথ বাহিনী, এখন পর্যন্ত ৭ জনকে আটকের খবর পাওয়া গেছে।
র্যাব-৭ এবং পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে আজ সন্ধ্যায় অভিযানে যায় র্যাবের একটি দল। র্যাব সদস্যরা ওই এলাকায় প্রবেশের সাথে সাথেই সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নিয়ে তাদের ওপর প্রকাশ্যে গুলি বর্ষণ করে। এতে চারজন সদস্য গুরুতর জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডিএডি মোতালেব মারা যান। বাকি তিনজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন রাত সাড়ে আটটার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান, জঙ্গল সলিমপুর এলাকায় নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চলাকালে এই হামলার শিকার হন তারা। অভিযানস্থলে সন্ত্রাসীদের সাথে র্যাবের ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জড়িত সন্ত্রাসীদের ধরতে জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
















