সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার রাজপথ থেকে লক্কড়ঝক্কড়, জরাজীর্ণ এবং ইকোনমিক লাইফ বা আয়ুষ্কাল অতিক্রান্ত যানবাহন সরিয়ে নিতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনদুর্ভোগ লাঘব এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার ডিএমপির পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার এবং সেতুর ওপর প্রায়ই ফিটনেসবিহীন বাস ও পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ঘণ্টার পর ঘণ্টা রাজধানীবাসীকে স্থবির করে রাখে। বিশেষ করে অফিস চলাকালীন সময়ে এসব পুরনো যান বিকল হওয়ার ফলে সৃষ্টি হওয়া ভোগান্তি চরমে পৌঁছায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন থেকে কোনো ঝুঁকিপূর্ণ বা অনুপযোগী যানবাহন ঢাকার রাস্তায় চলতে দেওয়া হবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নির্ধারিত নীতিমালা অনুযায়ী, বাস ও মিনিবাসের আয়ুষ্কাল ২০ বছর এবং ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব যানবাহনের এই মেয়াদ শেষ হয়েছে, সেগুলো কোনোভাবেই রাজধানীর রাস্তায় চলাচলের উপযোগী নয়। সংশ্লিষ্ট মালিক ও চালকদের এ ধরনের যানবাহন রাস্তায় না নামানোর জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত টিম নিয়মিত টহল দেবে এবং নির্ধারিত মেয়াদোত্তীর্ণ যানবাহন পেলে তাৎক্ষণিকভাবে জরিমানা ও ডাম্পিংয়ে পাঠানো হবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ বিষয়ে যানবাহন মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আধুনিক ও স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ যানবাহনমুক্ত ঢাকা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।

অনলাইন ডেস্ক 













