ফাইল ছবি
দেশের ফ্রিল্যান্সার ও তরুণ প্রজন্মের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে জনপ্রিয় অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (Paypal) চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি সংসদকে আশ্বস্ত করেন যে, তথ্য-প্রযুক্তির এই সম্প্রসারণের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আগামী পাঁচ বছরের জন্য একটি মহাপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, এই সময়ের মধ্যে ২ লাখ ফ্রিল্যান্সারকে আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে স্মার্ট আইডি কার্ড প্রদান করা হবে। ইতিমধ্যে ৭ হাজার ৫০০ জন ফ্রিল্যান্সারকে এই কার্ড প্রদান করা হয়েছে এবং বাকিদের তালিকাভুক্ত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
প্রধানমন্ত্রী আরও জানান, আইসিটি বিভাগের আওতায় ৫ বছরে ১ হাজার দক্ষ ফ্রিল্যান্সার তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মপরিকল্পনা উল্লেখ করে সংসদ নেতা জানান, ২০২৬ সালের মধ্যে ২ হাজার ৪০০ তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML) এবং ভার্চুয়াল রিয়েলিটির (VR) মতো চতুর্থ শিল্পবিপ্লবের উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিনিয়োগকারীদের সেবা সহজ করতে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি নতুন ডিজিটাল সেবা যুক্ত করা হবে। বিশেষ করে পেপ্যাল চালুর বিষয়টি ত্বরান্বিত করতে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যারা দ্রুততম সময়ে বাংলাদেশে এর কার্যক্রম শুরু করতে কাজ করছে।
এ ছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মাধ্যমে আগামী পাঁচ বছরে আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (ITEE) প্রশিক্ষণের আওতায় ১ হাজার জন গ্র্যাজুয়েটকে তৈরি করা হবে। ৫ হাজার ২০ জন চাকরিপ্রার্থীকে ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি ও পাইথন প্রোগ্রামিংয়ের মতো যুগোপযোগী বিষয়ে ডিপ্লোমা ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে, ৭০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা এবং ৭০০ জন নারী উদ্যোক্তার দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার। বর্তমানে ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী ITEE প্রশিক্ষণ গ্রহণ করছেন, যা দেশের আইসিটি খাতের দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখবে।
















