সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে রবিবার (১৫ মার্চ) দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১টা ২০ মিনিটের দিকে পল্লীর একটি দোকানে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। এতে ঐতিহ্যবাহী এই বিপণিবিতান এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২৫ মিনিটের নিরলস চেষ্টায় রাত ১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লীতে আগুনের খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট সেখানে কাজ শুরু করে। তাৎক্ষণিক তৎপরতার কারণে আগুন বড় আকারে ছড়িয়ে পড়তে পারেনি।
তবে এই অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনের প্রকৃত কারণ কী, সে সম্পর্কে প্রাথমিক কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। ব্যবসায়ীদের আশঙ্কা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
উল্লেখ্য, সামনে ঈদ উৎসব থাকায় বেনারসি পল্লীতে কোটি কোটি টাকার কাপড় মজুত রয়েছে, ফলে আগুনের খবরে ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিস আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে।















