সংগৃহীত ছবি
ইরানের অভ্যন্তরে ইসরায়েলি বিমানবাহিনীর সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা নতুন মাত্রা পেয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে একাধিক এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সেনাবাহিনী (আইডিএফ)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, তারা বর্তমানে যেকোনো ধরনের হুমকি দূর করতে আকাশপথে বাধা প্রদান এবং পাল্টা আক্রমণের জন্য পূর্ণ শক্তিতে কাজ করছে। তারা আরও দাবি করেছে, ইরানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার ওপর একটি ‘বিস্তৃত ও সফল’ হামলা সম্পন্ন করা হয়েছে।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল পশ্চিম ইরানের কারামানশাহ এলাকায় অবস্থিত একটি উন্নত এসএ-৬৫ (SA-65) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করার মাধ্যমে ইরানের আকাশপথের সুরক্ষা বলয় ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করছে তেল আবিব।
এদিকে, ইরানের পক্ষ থেকে যেকোনো সময় বড় ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কা করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। ফলে সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দুই সামরিক পরাশক্তির সরাসরি লড়াই বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক 
























