আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ের প্রশাসনিক কাজে গতিশীলতা ফেরাতে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ইসি সচিবালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমান কর্মস্থল থেকে এসব কর্মকর্তাকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে, অন্যথায় তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের পর নির্বাচন কমিশনের এটিই প্রথম বড় ধরনের প্রশাসনিক সংস্কার। সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষতা নিশ্চিত এবং নির্বাচনী কার্যক্রম আরও সুশৃঙ্খল করতেই এই গণ–বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কর্মতৎপরতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 














