দীর্ঘ ২০ বছরের বঞ্চনা শেষে অবশেষে ন্যায়বিচার পেতে যাচ্ছেন ২০০৬ সালে চূড়ান্ত সুপারিশের পর নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ এসআই ও সার্জেন্ট।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের রায় অনুসারে এই বঞ্চিত কর্মকর্তাদের চাকরি ফেরত দেওয়ার বিষয়টি আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল। এতদিন ফাইলটি অনুমোদনের অপেক্ষায় থাকলেও এখন নিয়োগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রী আশ্বস্ত করে বলেন, “তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন এবং দ্রুতই নিয়োগ পাবেন।” কেন এতদিন ফাইলটি ঝুলে ছিল তা স্পষ্ট না করলেও, বর্তমান সরকার তাদের পাওনা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর বলে জানান তিনি।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমানে পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ শূন্য রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের কাজে রাজনৈতিক বা অন্য কোনো অবৈধ হস্তক্ষেপের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ পুলিশের কাজে বাধা সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনলাইন ডেস্ক 














