বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। প্রথা ভেঙে প্রথমবারের মতো সংসদ ভবনের ভেতরে বঙ্গভবনের পরিবর্তে দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
তবে এই ব্যতিক্রমী ও ঐতিহাসিক আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে প্রখর রোদে খোলা আকাশের নিচে দীর্ঘ সময় বসে থাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতা এবং বিদেশি কূটনীতিকদের অনেকেই চরম অস্বস্তিতে পড়েন।
শপথ অনুষ্ঠানস্থলে উপস্থিত বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদদাতারা জানিয়েছেন, অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল বেশ কিছু বড় ধরনের ত্রুটি। বিকেলে রোদ ও গরমের তীব্রতা বেশি থাকায় আমন্ত্রিত অতিথিদের অনেককে ঘামতে এবং হাতপাখা ব্যবহার করতে দেখা গেছে। দীর্ঘক্ষণ রোদে বসে থাকার কারণে বয়স্ক নেতা ও বিদেশি মেহমানদের মধ্যে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। অনেক অতিথি অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে নিজেদের বিরক্তি ও অভিযোগ ব্যক্ত করেছেন।
সবচেয়ে অবাক করার বিষয় ছিল অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পানীয় জলের অভাব। উপস্থিত একাধিক অতিথি অভিযোগ করেছেন যে, এমন গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় আয়োজনে যথাযথভাবে পানির ব্যবস্থা ছিল না, যা এই গরমে পরিস্থিতিকে আরও অসহনীয় করে তোলে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই শপথ অনুষ্ঠানটি স্মৃতির পাতায় জমা হওয়ার কথা থাকলেও, প্রশাসনিক সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার কারণে অনেক অতিথির কাছেই এটি একটি তিক্ত অভিজ্ঞতায় পরিণত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 
























