দীর্ঘ ১৮ মাস অন্তরালে থাকার পর সারা দেশের ৯টি জেলায় একযোগে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে বর্তমানে রাজনৈতিকভাবে কোনঠাসা দল আওয়ামী লীগ। গতকাল বুধবার নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে দলটির পরিত্যক্ত কার্যালয়গুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। এ সময় তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শন এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের চেষ্টা করেন। তবে কর্মসূচি পালনের পরপরই পুলিশ বিভিন্ন স্থান থেকে অন্তত ১০ জন নেতাকর্মীকে আটক করেছে।
নোয়াখালীর মাইজদীতে সকাল ৮টার দিকে জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার ঝুলিয়ে দেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। বরগুনায় শেরেবাংলা সড়কের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায় এবং ভেতরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়। নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সাদিম আহমেদের নেতৃত্বে স্লোগান দিয়ে ব্যানার টাঙানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দিনাজপুরের পার্বতীপুরে অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হয়ে সমাবেশ করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
এদিকে হবিগঞ্জে জেলা কার্যালয় খোলার কয়েক ঘণ্টা পর সেখানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে সেখানে পতাকা উত্তোলন করা হলেও দুপুরে ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। শরীয়তপুর ও রাজবাড়ীতেও ভোরের আলো ফোটার আগে কার্যালয় খুলে ছবি ও ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। চট্টগ্রামে নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে অবস্থিত কার্যালয়ে নতুন পরিচিতি ফলক লাগানো হয়েছে। পুলিশ এসব এলাকায় টহল জোরদার করেছে। ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর থেকে এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ অবস্থায় ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 














