টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার সমীকরণ মেলাতে নামিবিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে। এমন চাপের ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
ওপেনার সাহিবজাদা ফারহানের ক্যারিয়ার সেরা অপরাজিত ১০০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের পাহাড়সম পুঁজি দাঁড়িয়ে করিয়েছে পাকিস্তান।
ইনিংসের শুরুতেই সাইম আইয়ুব ১২ বলে ১৪ রান করে বিদায় নিলেও অধিনায়ক সালমান আলি আগা ২৩ বলে ৩৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে রানের গতি সচল রাখেন। মাঝে খাজা নাফে মাত্র ৫ রান করে আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়েছিল দল। তবে এক প্রান্ত আগলে রেখে নামিবিয়ার বোলারদের ওপর তণ্ডব চালান সাহিবজাদা ফারহান। মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর পরবর্তী ২০ বলে তিনি পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। শেষ পর্যন্ত ৫৮ বলে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।
ইনিংসের শেষ দিকে শাদাব খানের ক্যামিও পাকিস্তানের সংগ্রহকে দুইশর কাছাকাছি নিয়ে যায়। শাদাব ২২ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন। নামিবিয়ার পক্ষে জ্যাক ব্রাসেল ২ উইকেট শিকার করলেও ৪ ওভারে খরচ করেছেন ৪৮ রান। সুপার এইটে যেতে হলে নামিবিয়াকে এখন ২০০ রানের লক্ষ্য তাড়া করতে হবে, যা তাদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

স্পোর্টস ডেস্ক 















