ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে ফের নতুন গুঞ্জন চাউর হয়েছে শোবিজ পাড়ায়। নেট দুনিয়ায় খবর ঘুরছে— দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বুবলী। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে ‘সাদা পরী’ লুকে হাজির হওয়ার পর তার পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে ‘বেবিবাম্প’ স্পষ্ট হয়ে উঠেছে বলে দাবি করছেন অনেক নেটিজেন। মূলত গত বছরের শেষের দিকে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে আসার পর থেকেই এই জল্পনার সূত্রপাত।
অনুষ্ঠান শেষে ব্যক্তিগত জীবন ও দ্বিতীয়বার মা হওয়ার বিষয়ে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হন বুবলী। তবে বিষয়টি নিয়ে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো মন্তব্য না করে বেশ কৌশলে এড়িয়ে যান এই নায়িকা। রহস্যময় ভঙ্গিতে বুবলী বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবেই, সেটাকে আমি সম্মান করি। তবে আমার মনে হয়, যখন ঘটা করে কোনো ব্যক্তিগত আয়োজন হবে, তখনই এসব বিষয়ে কথা বলা উচিত। আজ যেহেতু একটি নির্দিষ্ট অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।” বুবলীর এমন রহস্যময় উত্তর ভক্তদের মনে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে বুবলী অসন্তোষ প্রকাশ করেছেন তাকে নিয়ে ছড়ানো কিছু ‘ভুল তথ্যভিত্তিক’ সংবাদের ওপর। তিনি অভিযোগ করেন, অনেক সময় তার কোনো বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করা হয়। চিত্রনায়িকার ভাষ্যমতে, শুটিংয়ের ব্যস্ততায় অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না; কিন্তু সেই সুযোগে ভিত্তিহীন বক্তব্য ছাপানো দুঃখজনক। বর্তমানে বেশ কিছু নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সব ঠিক থাকলে আসছে রোজার ঈদেও পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই নায়িকাকে।
















