সংগৃহীত ছবি
বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা হলেও পেশাগত তাগিদে সারা দেশ ঘুরে বেড়াতে হয় দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় তারকা শ্রুতি হাসানকে। কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা হিসেবে ছোটবেলা থেকেই ক্যামেরার আলোয় বেড়ে ওঠা তার।
সামাজিক অনুষ্ঠান হোক বা জমকালো পার্টি— শ্রুতি সবসময়ই আকর্ষণের কেন্দ্রে থাকেন। তবে তার স্পষ্টবাদিতা এবং সোজাসাপ্টা স্বভাবের কথা ইন্ডাস্ট্রিতে কারোরই অজানা নয়। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় তেমনই এক ঘটনার মুখোমুখি হলেন উপস্থিত সাধারণ মানুষ ও সংবাদকর্মীরা।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইয়ের একটি অভিজাত রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন শ্রুতি। তাকে দেখা মাত্রই স্বভাবসুলভ ভঙ্গিতে ছবি তুলতে এগিয়ে আসেন আলোকচিত্রীরা (পাপারাজ্জি)। ফ্ল্যাশের ঝলকানির মধ্যেই হঠাৎ এক ফটোগ্রাফার তাকে সম্বোধন করতে গিয়ে ‘মাম্মা’ বলে ডাকেন। আর এই একটি শব্দই যেন বারুদ হয়ে জ্বলে ওঠে শ্রুতির কানে। জনসমক্ষে এভাবে সম্বোধন করায় তাৎক্ষণিকভাবে বিরক্তি প্রকাশ করেন তিনি।
ঘটনাটি হাতেনাতে ক্যামেরাবন্দি হয়। ভিডিওতে দেখা যায়, ‘মাম্মা’ ডাক শুনেই থমকে দাঁড়ান শ্রুতি। কড়া মেজাজে ওই ফটোগ্রাফারের দিকে তাকিয়ে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, “কে মাম্মা? আমি কি আপনার মা নাকি? কী আজেবাজে কথা বলছেন?” তার এমন তীক্ষ্ণ প্রতিক্রিয়ায় সেখানে উপস্থিত সবাই মুহূর্তের জন্য থতমত খেয়ে যান। যদিও দক্ষিণ ভারতের সংস্কৃতিতে ‘মাম্মা’ শব্দটি অনেক সময় নারীদের প্রতি সম্মান বা স্নেহ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু সেই মুহূর্তে শ্রুতি বিষয়টি মোটেও ইতিবাচকভাবে গ্রহণ করেননি।
তবে পেশাদার এই অভিনেত্রী নিজেকে সামলে নিতে খুব বেশি সময় নেননি। কয়েক মুহূর্তের সেই তিক্ততা কাটিয়ে তিনি দ্রুতই স্বাভাবিক হন। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়েন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, কাজের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি এবং এ ধরনের সম্বোধন অনুচিত। আবার অনেকে বলছেন, সম্বোধনটি নেতিবাচক ছিল না।
কাজের ফ্রন্টে শ্রুতি হাসান এখন রীতিমতো উড়ছেন। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও তার ব্যস্ততা তুঙ্গে। তাকে শীঘ্রই দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজনে। এই সিরিজে অনন্যা পান্ডের বোনের চরিত্রে অভিনয় করবেন তিনি।
এছাড়া দুলকার সালমানের সঙ্গে ‘আকাসামলো ওকা তারা’, প্রভাসের সঙ্গে বহুল প্রতীক্ষিত ‘সালার: পার্ট ২’ এবং বিজয় সেতুপতির বিপরীতে তামিল সিনেমা ‘ট্রেন’-এ দেখা যাবে তাকে। ব্যক্তিগত ও পেশাদার জীবনের এমন নানা চমক নিয়েই বর্তমানে শিরোনামে রয়েছেন এই সুদর্শনী।
















