অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর রাষ্ট্রীয় ও সংসদীয় আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় তিনি শহিদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমবারের মতো একুশের প্রথম প্রহরে জামায়াত আমিরের এই উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশেষ তাৎপর্য বহন করছে।
পুষ্পস্তবক অর্পণের পর ডা. শফিকুর রহমান ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ও জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জামায়াত নেতারা জানান, একুশের চেতনা ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এই শ্রদ্ধা নিবেদন। তাঁরা গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার লক্ষে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহিদ মিনারে পৌঁছালে সেখানে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, এবারের একুশে ফেব্রুয়ারি উদযাপনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যা শহিদ মিনার প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 














