বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, নির্বাচনি আইন অনুযায়ী রাত ৮টার পর মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন, যা সরাসরি আচরণবিধির লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কমিশন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে তাদের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। একইসঙ্গে তিনি মূলধারার মিডিয়াকে একটি দলের প্রতি ঝুঁকে পড়ার সমালোচনা করে একে গণতন্ত্রের জন্য শঙ্কার বিষয় হিসেবে অভিহিত করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ভোটকেন্দ্রের ভেতরে সেনাবাহিনীর প্রবেশাধিকার নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি তাদের সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে ২৭০টি আসনে দলের প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে জানানো হয়, আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১১ দিনে দলটি দেশের ৩০টি জেলায় নির্বাচনি সফর সম্পন্ন করবে। এই ঝটিকা সফরের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিজেদের জনসমর্থন যাচাই ও নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণে রাখতে চায় দলটি।
















