ছবি : সংগৃহীত
ইরানে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন সিনেট। আজ বুধবার (৪ মার্চ) এই সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হবে। যদি প্রস্তাবটি পাস হয়, তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার এখতিয়ার কঠোর নিয়ন্ত্রণের আওতায় আসবে।
সিনেট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে এবং বিকেল ৪টায় চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মূলত কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ট্রাম্প ইরানে আকস্মিক হামলার নির্দেশ দেওয়ার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। মার্কিন আইনপ্রণেতাদের একটি বড় অংশ সমালোচনা করে বলছেন, সংবিধান অনুযায়ী এত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের সবুজ সংকেত নেওয়া বাধ্যতামূলক ছিল।
দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তের কারণে খোদ রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলেরই অনেক প্রভাবশালী নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্পের সমর্থকরা এই পদক্ষেপকে ‘জরুরি প্রতিরক্ষা স্বার্থ‘ হিসেবে দেখলেও বিরোধীরা একে সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করছেন। আজকের এই ভোটাভুটি কেবল ট্রাম্পের ক্ষমতা নিয়ন্ত্রণই নয়, বরং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ধারণেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আন্তর্জাতিক ডেস্ক 













