ঠাকুরগাঁও–২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে একই দিনে ঠাকুরগাঁওয়ের একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার তাঁর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। একই মামলায় তাঁর ছেলে ও ঠাকুরগাঁও–২ আসনের অপর সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকেও গ্রেপ্তার করা হয়। সুজন এখনো দিনাজপুর কারাগারেই বন্দী রয়েছেন। দীর্ঘদিন কারাবাসকালে দবিরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা অভিযোগ করেন যে, কারাগারে সঠিক চিকিৎসার অভাবেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁর স্বাভাবিকভাবে হাঁটাচলার শক্তিটুকুও নেই।
কারাগার থেকে বের হওয়ার পরপরই দবিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই কারাগারে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও–১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন মারা যান। দবিরুলের পরিবার ও আইনজীবী বারবার তাঁর বার্ধক্যজনিত অসুস্থতা ও চিকিৎসার বিষয়টি আদালতে তুলে ধরে জামিন প্রার্থনা করে আসছিলেন। অবশেষে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি মুক্তি পেলেন।

নিজস্ব প্রতিবেদক | দিনাজপুর 














