আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজটি সাইবার হামলার শিকার হয়ে বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুফতি আমির হামজার অফিসিয়াল পেজটি গত কয়েকদিন ধরেই একটি সুসংগঠিত চক্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। চক্রটি পরিকল্পিতভাবে একের পর এক ‘ভুয়া কপিরাইট স্ট্রাইক’ এবং রিপোর্ট করতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’ কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি সরিয়ে নিয়েছে। জামায়াত নেতাদের দাবি, এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং নির্বাচনি প্রচারণায় আমির হামজার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে এই কাজ করেছে।
কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, “একটি পেজ সরিয়ে দিয়ে মানুষের হৃদয় থেকে মুফতি আমির হামজাকে মুছে ফেলা সম্ভব নয়। আমরা মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রমাণ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ইনশাআল্লাহ, খুব দ্রুতই পেজটি ফিরে আসবে।” তিনি আরও জানান, এই সাইবার হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
দলটির পক্ষ থেকে সাধারণ সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা কোনো ধরণের গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় পা না দেন। এই মুহূর্তে মুফতি আমির হামজার নামে অনেক ভুয়া আইডি খোলা হতে পারে, তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলীয় নেতারা। নির্বাচনি মাঠের উত্তাপ যখন তুঙ্গে, তখন এমন সাইবার হামলাকে একটি ‘ন্যক্কারজনক কৌশল’ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া 














