সংগৃহীত ছবি
রাজনৈতিক স্বার্থ হাসিল ও ক্ষমতার মোহে জামায়াতে ইসলামী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে ভবিষ্যতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তীব্র জ্বালানিসংকটের সময়ে দেশের বিপুল সম্পদ অপচয় করে এক লাখ লিটার তেল খরচে লংমার্চের কর্মসূচি পালনেরও কঠোর সমালোচনা করেছেন তিনি।
শনিবার নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি এসব অভিযোগ আনেন। ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে যে, পারস্পরিক আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে জামায়াত ও আওয়ামী লীগ এক হয়ে মাঠে নামবে। আর সেই রূপরেখা বাস্তবায়নে আওয়ামী লীগকে মাঠে নামার পথ সহজ করে দিতেই জামায়াত এই কৌশলগত লংমার্চের ডাক দিয়েছে।
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে যেখানে জ্বালানিসংকট একটি বড় জাতীয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে জাতীয় সংকট সমাধানের চেয়ে দল দুটির কাছে ক্ষমতার মোহটাই মুখ্য হয়ে উঠেছে। মূলত কর্মসূচি ডাকবে জামায়াতে ইসলামী, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ভেতরে প্রবেশ করবে আওয়ামী লীগের সুবিধাবাদী অংশ। রাজনৈতিক স্বার্থে এক লাখ লিটার তেল অপচয় করে এই লংমার্চ আয়োজনের তীব্র নিন্দা জানান তিনি।
















