ছবি : ফেসবুক
কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে নজিরবিহীন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এলাকার বর্তমান পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরাসরি জনগণের সাথে কথা বলেন। গভীর রাতে দেওয়া এই লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসার জন্ম দেয়।
লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহ ধরে তিনি দেবীদ্বারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতিটি টাকার হিসাব জনগণকে দেব। সেই লক্ষে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।” দেবীদ্বারের প্রধান সমস্যা হিসেবে তিনি ভগ্নপ্রায় সড়ক যোগাযোগ ব্যবস্থাকে চিহ্নিত করেন। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও অফিসের অধীনে চলমান কাজগুলো বর্ষা শুরুর আগেই শেষ করার জন্য তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, একাধিক কাজ হাতে নিয়ে ফেলে রাখার পুরোনো সংস্কৃতি আর দেবীদ্বারে চলবে না।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার তথ্য তুলে ধরে এমপি হাসনাত জানান, দেবীদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। ১০ কেজি করে চাল যেন প্রকৃত অভাবী মানুষের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দেন। এছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন এবং মৃতপ্রায় দুটি খাল পুনঃখননের বড় পরিকল্পনার কথাও তিনি জনসমক্ষে তুলে ধরেন।
সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি কাজের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ‘জবাবদিহিতা’ নামে একটি বিশেষ ফেসবুক পেজ চালুর ঘোষণা। হাসনাত আবদুল্লাহ জানান, এই পেজের মাধ্যমে প্রতিটি প্রকল্পের বরাদ্দ, কাজের সময়সীমা এবং অগ্রগতির তথ্য নিয়মিত প্রকাশ করা হবে যাতে সাধারণ মানুষ সরাসরি তদারকি করতে পারে। স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করলে সর্বোচ্চ সহযোগিতা পাবেন, কিন্তু দুর্নীতির আশ্রয় নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ এই সংসদ সদস্যের এমন আধুনিক ও জবাবদিহিতামূলক দৃষ্টিভঙ্গি দেবীদ্বারের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করেছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 














