গোপালগঞ্জের কোটালীপাড়ায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই কার্যালয়টি খোলা হয়। তবে এই পুনরযাত্রার বিশেষ দিক ছিল একজন শ্রমজীবী মানুষের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন। ইলিয়াস শেখ নামের এক স্থানীয় দিনমজুর এই পতাকা উত্তোলন করে কার্যালয়টির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভবনটি তালাবদ্ধ অবস্থায় ছিল। বুধবার সকালে নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে প্রধান ফটক খোলেন। উপস্থিত সবার সম্মতিতে আভিজাত্য বা পদমর্যাদার তোয়াক্কা না করে দিনমজুর ইলিয়াস শেখকে পতাকা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়। পতাকা উত্তোলন শেষে আবেগাপ্লুত ইলিয়াস শেখ বলেন, “আমি দিনমজুর মানুষ, কোনোদিন ভাবিনি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করব। সবাই আমাকে এই সম্মান দেওয়ায় আমি এবং উপস্থিত সকলে খুব খুশি।“
উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দাবি, সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়াতে এবং নতুন শুরুর প্রতীক হিসেবে একজন শ্রমজীবী মানুষকে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হবে বলে তারা মনে করছেন। তবে এই ঘটনা নিয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদের বক্তব্য কিছুটা ভিন্ন। তিনি জানান, “এক পাগল এসে জাতীয় পতাকা উত্তোলন করেছিল, বর্তমানে সেখানে কিছুই নেই।” ওসির এমন মন্তব্য ও নেতাকর্মীদের অবস্থানের বিষয়টি নিয়ে পুরো উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ 














