ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূলত দেশটিতে নিপাহ ভাইরাসের (Nipah Virus) প্রাদুর্ভাবের কারণে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) ইতিমধ্যে তাদের আপত্তির কথা সাফ জানিয়ে দিয়েছে। এবার সেই তালিকায় যোগ হয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা নিপাহ ভাইরাস পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং উচ্চ সতর্কতায় রয়েছেন। ফলে বিশ্ব আসর শুরুর আগেই খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিএনএন এইচডি (GNN HD) এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, নিপাহ ভাইরাস করোনার চেয়েও বেশি প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এই ভয়াবহ ঝুঁকির কথা মাথায় রেখে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক ব্যবহারের কঠোর নির্দেশনা দিলেও বিদেশি দলগুলো তাতে আশ্বস্ত হতে পারছে না। ইংল্যান্ডের অনড় অবস্থানের পর ইউরোপের আরও কয়েকটি দেশ ভারতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করছে বলে জানা গেছে।
এমন জটিল পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে, বিশ্বকাপের সবগুলো ম্যাচই শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতে পারে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ২০ দলের এই বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার অজুহাতে ভারতের ভেন্যুগুলো বাতিল হলে পুরো টুর্নামেন্টই দ্বীপরাষ্ট্রে আয়োজন করার জোর সম্ভাবনা দেখা দিচ্ছে। যদিও আইসিসির (ICC) জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ এর আগে নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছিল। এখন ভারত নিয়ে একই সমস্যায় পড়ায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি চরম বেকায়দায় পড়েছে।


























