বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্নীতি নির্মূল করা। তিনি মনে করেন, এই দুটি ক্ষেত্র সফলভাবে সামাল দিতে পারলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে এক উন্মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। কোনো প্রথাগত মঞ্চ বা সাউন্ড সিস্টেম ছাড়াই লেকের পাড়ে বসে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
ঢাকার যানজট নিরসনে তারেক রহমান মেট্রোরেলের বিকল্প হিসেবে সাশ্রয়ী ও সহজে স্থাপনযোগ্য ‘মনোরেল’ চালুর প্রস্তাব দেন। তিনি বলেন, রাজধানীর ওপর চাপ কমাতে আশপাশের জেলাগুলোর সঙ্গে রেল যোগাযোগ উন্নত করা এবং ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তোলা জরুরি। এছাড়া শিক্ষাব্যবস্থাকে আনন্দময় করতে পাঠ্যবইয়ের নম্বর কমিয়ে খেলাধুলায় নম্বর যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। একইসঙ্গে পশুপাখির প্রতি মানবিক আচরণ শেখাতে শিক্ষাব্যবস্থায় বিশেষ পাঠ অন্তর্ভুক্ত করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তারেক রহমান আরও জানান, স্বামীহারা নারী ও সুবিধাবঞ্চিতদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।
আলাপচারিতায় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ডিজিটাল নিরাপত্তা ও সাইবার বুলিং নিয়ে কথা বলেন। তিনি শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা ও ডিজিটাল এডুকেশন দেওয়ার ওপর জোর দেন। জাইমা আরও উল্লেখ করেন, ফেসবুকের মতো বড় প্ল্যাটফর্মগুলোর স্থানীয় কার্যালয় বাংলাদেশে নিয়ে আসা প্রয়োজন যাতে অনলাইন হয়রানি দ্রুত বন্ধ করা যায়। উল্লেখ্য, গত ডিসেম্বরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত রিল প্রতিযোগিতার ২,৩০০ প্রতিযোগীর মধ্য থেকে সেরা ১০ জনের সঙ্গে এই অন্তরঙ্গ আলাপচারিতার আয়োজন করে বিএনপি।
















