ভিডিও থাকে নেওয়া | বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) প্রাঙ্গণে আয়োজিত একটি সামাজিক ফল উৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মাঝে ব্যাপক উত্তেজনা ও পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টা থেকে সুপ্রিম কোর্টের এসসিবিএ ক্যান্টিনে এই ‘গ্র্যান্ড ফল উৎসব ২০২৬’-এর আয়োজন করা হয়। তবে উৎসবের আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই রাজনৈতিক স্লোগানের লড়াইয়ে রূপ নেয়, যার রেশ ছড়িয়ে পড়ে পুরো আইনজীবী লাউঞ্জে।
এই ফল উৎসবের মূল আয়োজক প্যানেলে ছিলেন সুপ্রিম কোর্টের একঝাঁক আইনজীবী। যাদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট নাসরীন সিদ্দিকা লিনা, অ্যাডভোকেট ইফফাত জাহান রনি, অ্যাডভোকেট মোহাম্মদ মাশিউর রহমান, অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান খান রুকু, অ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন আহমেদ রুদ্র, অ্যাডভোকেট মোঃ মাশিউর আলম এবং অ্যাডভোকেট আবু মোঃ জিয়াউল হক। মৌসুমি ফলের এই আয়োজন চলাকালীন সময়ে হঠাৎ করেই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জে উপস্থিত আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের একটি বড় অংশ ঐতিহাসিক ‘জয়বাংলা’ স্লোগান দেওয়া শুরু করেন। তাঁদের উচ্চৈঃশব্দে দেওয়া স্লোগানে পুরো লাউঞ্জ ও বার ভবন উত্তাল হয়ে ওঠে।
এরই সূত্র ধরে আদালত প্রাঙ্গণে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান। তাঁরা দলবদ্ধ হয়ে মাঠে নামেন এবং আওয়ামী পন্থী আইনজীবীদের কাউন্টার বা পাল্টা স্লোগান দেওয়া শুরু করেন।
বিএনপি পন্থী আইনজীবীরা তাঁদের দলীয় স্লোগান ও বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিলে পুরো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে এক নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুই পক্ষের আইনজীবীদের এই মুখোমুখি অবস্থান ও আকাশ কাঁপানো স্লোগান-পাল্টা স্লোগানের কারণে আদালত পাড়ার সাধারণ আইনজীবীদের মধ্যে কিছুটা আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পেশাগত অঙ্গনে একটি সামাজিক ও উৎসবের অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন রাজনৈতিক শক্তির মহড়া সুপ্রিম কোর্টের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন অনেক সাধারণ আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক 















