সংগৃহীত ছবি
জুলাই আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসা ফারজানা সিঁথি এবার নামছেন সংসদীয় রাজনীতির ময়দানে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিঁথি গণমাধ্যমকর্মীদের জানান, তিনি নড়াইল-২ আসনের বিপরীতে সংরক্ষিত নারী পদের জন্য আবেদন করেছেন। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণী বলেন, “আমি চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। খুব শীঘ্রই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে আমি আমার বিস্তারিত পরিকল্পনা ও লক্ষ্য জাতির সামনে তুলে ধরব।”
ফারজানা সিঁথির আদি নিবাস যশোরে। তিনি বর্তমানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনে তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে একটি পরিচিত মুখে পরিণত হন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রি শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।


























