ছবি : সংগৃহীত
রঙিন পর্দার রোমাঞ্চ আর দর্শকদের করতালি নিয়ে আবারও ফিরছে রুপালি ঈদের আমেজ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামীকাল শনিবার সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত পাঁচটি চলচ্চিত্র– ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসসহ দেশের শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স ও একক সিনেমা হলগুলোতে সিনেমাগুলো প্রদর্শিত হবে। তবে সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’।
সিনেমাপাড়ায় টিকিটের জন্য শুরু হয়েছে হাহাকার। বিশেষ করে নারায়ণগঞ্জের ‘সিনেস্কোপ’-এ অগ্রিম টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই রেকর্ড সাড়া মিলেছে। সিনেস্কোপের ম্যানেজার রবি জানান, তাঁদের হলে ঈদে কেবল ‘প্রিন্স’ প্রদর্শিত হবে। আজ দুপুরে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার পর ইফতারের আগেই প্রথম দিনের চারটি শো–এর প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। তিনি আরও বলেন, “আমাদের হলটি ছোট হলেও দর্শকদের যে চাহিদা দেখছি, তাতে আসন সংখ্যা বেশি থাকলে আরও টিকিট বিক্রি করা সম্ভব হতো। ঈদের প্রথম দিনের মাত্র হাতেগোনা কয়েকটি টিকিট অবশিষ্ট আছে।” অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা দ্রুতই অগ্রিম টিকিটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শিরিন সুলতানার প্রযোজনায় ‘প্রিন্স’ সিনেমাটি নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহের অন্যতম কারণ এর বিশাল ক্যানভাস। শাকিব খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার ও ডা. এজাজের মতো শক্তিমান অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির চিত্রায়ন করা হয়েছে, যা দর্শকদের বড় পর্দার দারুণ অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
কেবল ‘প্রিন্স’ নয়, বাকি চারটি সিনেমা– ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ নিয়েও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আশাবাদ দেখা যাচ্ছে। প্রতিটি সিনেমার গল্প ও নির্মাণশৈলীতে ভিন্নতা থাকায় এবার ঈদের সিনেমা ব্যবসায় এক বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন হল মালিকরা। দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে দর্শকদের এমন উপচে পড়া ভিড় দেশীয় চলচ্চিত্রের জন্য এক ইতিবাচক বার্তা দিচ্ছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় এই পাঁচ সিনেমার লড়াইয়ে শেষ পর্যন্ত কোন ‘প্রিন্স’ দর্শকদের মন জয় করে বক্স অফিসে বাজিমাত করে।

বিনোদন ডেস্ক 























