সংগৃহীত ছবি
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢালিউড পাড়ায় বইছে উৎসবের আমেজ। এই ঈদের অন্যতম আকর্ষন হতে যাচ্ছে পূজা চেরী অভিনীত নতুন সিনেমা ‘দম’। এই ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাদের সঙ্গে। সম্প্রতি প্রকাশ পাওয়া টিজারে পূজার ভিন্নধর্মী লুক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। তবে সিনেমাটির প্রচারণার মাঝেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এক বড় ধামাকা দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার তিনি নিজেই সব স্পষ্ট করলেন। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে পূজা সরাসরি স্বীকার করেন, তিনি বর্তমানে ‘এনগেজড’। পর্দার পেছনে কোনো এক বিশেষ মানুষের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছে বলে ইঙ্গিত দেন তিনি।
নিজের সম্পর্কের বিষয়ে পূজা বলেন, “আমি সবসময় সত্যি কথা বলতেই পছন্দ করি। আজ প্রথমবারের মতো বলছি, আমি এনগেজড। তবে এর মানে এই নয় যে আমাদের বাগদান হয়ে গেছে। বাগদান হলে তো আমার হাতে আংটি থাকত।” তিনি আরও যোগ করেন যে, তার সঙ্গী অত্যন্ত সহযোগী মানসিকতার। ক্যারিয়ারের বিষয়ে পূজার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি তিনি। পূজা বলেন, “মিডিয়ায় কাজ করব কি না, তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে তিনি মেনে নিয়েছেন।”
বিয়ে কবে করছেন—এমন প্রশ্নের উত্তরে পূজা জানান, তিনি এখনই তাড়াহুড়ো করতে চান না। মানসিকভাবে যখন তিনি নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করবেন, তখনই বিয়ের পিঁড়িতে বসবেন। পূজা আরও স্পষ্ট করেছেন যে, তার বিয়ে হবে পারিবারিকভাবে এবং যখন সময় হবে, তখন ঘটা করেই সবাইকে জানিয়েই তিনি দাম্পত্য জীবন শুরু করবেন। আপাতত তার সব মনোযোগ ঈদের সিনেমা ‘দম’-এর ওপর। ভিন্ন আমেজের এই গল্পটি দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী এই তরুণী।
















