সংগৃহীত ছবি
দীর্ঘ বিরতির পর আবারও পর্দার চিরচেনা আলোয় ফিরছেন ২০১৮ সালের ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী মিম মানতাশা। বিজ্ঞাপন ও ফটোশুটে নিয়মিত দেখা গেলেও নাটকে এতদিন তার উপস্থিতি ছিল তুলনামূলক কম।
তবে এবার সেই খরা কাটিয়ে বড় পর্দায় চমক দেওয়ার ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাব পেয়েছেন তিনি, যা বর্তমানে প্রাথমিক আলোচনাধীন রয়েছে।
কাজের বিষয়ে শুরু থেকেই ভীষণ চুজি মানতাশা। মনের মতো স্ক্রিপ্ট না হলে ক্যামেরার সামনে দাঁড়ান না তিনি। তবে সম্প্রতি নিজের কাজের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার হাতে বেশ কিছু নাটকের চিত্রনাট্য রয়েছে।
সম্প্রতি তিনি আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনের মতো বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন।
শাকিব খানের সাথে অভিনয়ের বিষয়ে মানতাশা বলেন, ‘প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছে, এর বেশি কিছু এখনই বলতে পারছি না।’ বড় পর্দার এই প্রস্তাবটি চূড়ান্ত হলে এটি হবে তার ক্যারিয়ারের অন্যতম বড় বাঁক।
প্রচারবিমুখ এই অভিনেত্রী জানান, তিনি সবসময় শান্তশিষ্ট থাকতে পছন্দ করেন এবং চটকদার খবরের চেয়ে মানসম্মত কাজেই তার বেশি আগ্রহ। দীর্ঘ ক্যারিয়ারে সাংবাদিকদের ইতিবাচক সাপোর্টের জন্য নিজেকে ‘ব্লেসড’ মনে করেন এই লাক্স তারকা।

বিনোদন ডেস্ক 


























