|সংগৃহীত ছবি
ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, সরকারি এই সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে তিন পর্যায়ে কঠোর পর্যবেক্ষণ করা হবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ডের আওতায় আনা হবে। প্রতিটি স্তরে তথ্য যাচাই-বাছাই করা হবে যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি বা অননুমোদিত কেউ এর অপব্যবহার করতে না পারে। সাধারণ কার্ডের তুলনায় ফ্যামিলি কার্ডের সুযোগ-সুবিধাও হবে বৈচিত্র্যময় ও ভিন্নতর।
সমাজকল্যাণমন্ত্রী আরও উল্লেখ করেন, এই কার্ডের মাধ্যমে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং প্রতিটি পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য। সুবিধাভোগী নির্বাচনে নারীদের অংশগ্রহণ এবং তাদের ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হবে। এর ফলে গ্রামীণ ও শহর অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক 
























